ভাঙ্গায় বাস-লেগুনা সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ফরিদপুর-খুলনা মহাসড়কের ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জের মোকসেদপুরগামী সবুজ বাংলা নামের যাত্রীবোঝাই একটি লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলের লেগুনার ৪ যাত্রী নিহত হয়।

নিহতারা হলেন—মেহেদী মাতুব্বর (২৫), হাফিজুল ইসলাম হাবু (৪০), সিরাজুল ইসলাম (৪২)। মৃত অপর একজনের নাম এখনো জানা যায়নি। নিহত সকলের বাড়ি ফরিদপুর জেলায়। এ ঘটনায় আহত হয় লেগুনার ৬ যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। নিহতের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এদের সকলের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এবং গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলায়। 

এ ঘটনার পরপর ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের জানান, ঢাকা থেকে সন্ধ্যার পর সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে চাপা দেয়। এ সময়ে ঘটনাস্থলে লেগুনার  চারজন নিহত হয় এবং অপর ছয়জন যাত্রী আহত হয়। লাশগুলো ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।