বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচে জাকির হাসান ও হেরি টেক্টরের বড় জুটিতে ভর করে ২ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করেছে গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স।
প্রতিপক্ষ হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ‘পয়া’ ভাবতেই পারেন সিলেটবাসী। এই দলটার বিপক্ষে ম্যাচ দিয়েই গতবছর নিজেদের বিপিএল যাত্রা শুরু করেছিল সিলেট স্ট্রাইকার্স। গত আসরের ওই ম্যাচে অবশ্য আগে ফিল্ডিং করতে নেমে মাত্র ৮৯ রানে চট্টগ্রামকে বেঁধে রাখে সিলেট। ৪৫ বল ও ৮ উইকেট হাতে রেখে অনায়াস জয় পেয়েছিল মাশরাফীবাহিনী।
তবে এবারের আসরে অবশ্য চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাটিং করতে হয়েছে সিলেটকে। সিলেট কাপ্তান মাশরাফী টস হেরেছিলেন শুভাগত’র কাছে। ব্যাটিংয়ে নেমে সুন্দর সূচনা পায় সিলেট। শান্ত-মিথুনের উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। ৩০ বলে ৩৬ রান করে নিহাদুজ্জামানের বলে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ২৮ বলে ৪০ রান করেন মিথুন। তাকে ফেরান কার্টিস ক্যাম্ফার।
তবে তিনে নামা জাকিরের ফিফটিতে বড় সংগ্রহ পায় সিলেট। তাকে সঙ্গ দেন সিলেটের আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। বিপিএলের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে জাকির করেন অপরাজিত ৭০ রান। ৪৩ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। টেক্টর অপরাজিত থাকেন ২০ বলে ২৬ রান করে।