ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত পদ থেকে অব্যাহতি নিলেন সাইমন সাদিক। শনিবার (২০ জানুয়ারি) সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর এই অব্যাহতি পত্র জমা দিয়েছেন তিনি।
সাইমনের অব্যাহতির বিষয়ে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বর্তমান সমিতির মেয়াদই তো শেষের পথে। ফেব্রুয়ারিতে আবার নতুন নির্বাচন। এখন আর অব্যাহতি চাওয়ার কী আছে!’
সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলা হচ্ছে, সেখানে শিল্পী সমিতির নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন সাইমন।
সাইমনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সাইমন নিজেও তো এই কমিটির গুরুত্বপূর্ণ নেতা। কই যেসব বিষয়ে এখন তিনি কথা বলছেন, সেগুলো তিনি কমিটির মিটিংয়ে বসে বলেননি কেন! সমিতির পক্ষে তারও তো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। এগুলো তো তিনি কখনো উপস্থাপনই করেননি।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার তো মনে হয়, আমদানি ছবির সাথে এখন তার ছবি মুক্তি পেয়েছে বলেই হঠাৎ প্রতিবাদী হয়ে উঠলেন। না হলে আগে কেন তিনি এ বিষয়ে সোচ্চার হলেন না। তিনিও তো গুরুত্বপূর্ণ নেতা, তিনি আগে নিষ্ক্রিয় ছিলেন কেন!’
শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩টি ছবি। যদিও নিয়ম আছে, উৎসব ছাড়া একসাথে দুটি ছবির বেশী মুক্তি দেয়া যাবে না। মুক্তি পাওয়া ৩টি ছবির মধ্যে ভারতীয় ছবি ‘হুব্বা’ পেয়েছে ষাটের বেশী প্রেক্ষাগৃহ। অন্যদিকে সাইমন অভিনীত ছবি ‘শেষ বাজি’ পেয়েছে ১৯টি প্রেক্ষাগৃহ, আর চয়নিকা চৌধুরীর ছবি ‘কাগজের বউ’ পেয়েছে মাত্র ৮টি হল।