‘অলৌকিক’ উন্নতি ইলিয়াস কাঞ্চনের!

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর জোরালো দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের এই দিনটাকে (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে সরকার। আর বিশেষ এই দিনে আজ নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির খবর জানালেন সংগঠনটির মহাসচিব সাংবাদিক লিটন এরশাদ।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাধীন এক সময়ের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। মাঝখানে দেশে আসার জন্য অস্থির হয়ে উঠলে তাকে কয়েকদিনের জন্য বাংলাদেশে আনার পর আবার তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ খেয়েই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। চিকিৎসকেরা তার অবস্থার উন্নতিতে আশাবাদী বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)।

লিটন এরশাদ বলেন, ‘ইলিয়াস কাঞ্চনের এখন কেমোথেরাপি নিতে হচ্ছে না। চিকিৎসক প্রফেসর ড্রিমিট্রিয়াসের তত্ত্বাবধানে বাসাতেই চিকিৎসা চলছে। মুখের ওষুধ খাচ্ছেন। চিকিৎসকরা আশা প্রকাশ করে আমাদের জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন এখন অনেকটাই ঝুঁকিমুক্ত। বলা যায়, অলৌকিকভাবে তার অনেক উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, ‘তার চিন্তাভাবনা এখন অনেকটাই স্বাভাবিক। নিয়মিত আমাদের সঙ্গে কথা বলছেন। নিরাপদ সড়ক নিয়ে তার পরিকল্পনার কথাও জানাচ্ছেন। আমরা আশা করছি, তিনি শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ওই বছরের আগস্টে সেখানকার একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো সম্ভব হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত