সরকারি দলের হুইপ হচ্ছেন মাশরাফী

দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফী বিন মোর্ত্তজা। নতুন মুখ হিসেবে আরও থাকছেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ও কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। 

গতকাল সোমবার সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে চিফ হুইপসহ সরকারদলীয় হুইপদের নিয়োগ দেওয়া হবে। পরে সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের এমপিদের শপথগ্রহণের দিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এ ছাড়া একাদশ সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনও বহাল থাকছেন।