দুই হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

দুই হাজার কোটি টাকা ব্যয়ে এলএনজি, সার, ভোজ্য তেল ও ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৪৭০ কোটি টাকা ব্যয়ে এলএনজি, ১ হাজার ১৪২ কোটি টাকার সার ও ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ৩৯১ কোটি টাকার রাইস ব্রান অয়েল ও মসুর ডাল কিনবে সরকার।

গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব পণ্য কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডের টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি এমএমবিটিইউ ১০ দশমিক ৮৮ মার্কিন ডলার হিসাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে মোট খরচ হবে ৪৭০ কোটি ৪৮ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয় থেকে ডিএপি, টিএসপি এবং এমওপি সার কেনার চারটি প্রস্তাব নিয়ে আসা হয়। চারটিই অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এ সার আমদানির ব্যয় ধরা হয়েছে ২৫৯ কোটি ১৬ লাখ টাকা। এ ছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্য ৩৯১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে তেল-ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে দেশীয় ৩ প্রতিষ্ঠান থেকে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল ১৮৯ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের উমা এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই ডাল কিনতে ৯৬ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০১ টাকা ১৩ পয়সা।