চাঁদাবাজি ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন মোড়ে মোড়ে টানানো হয়েছে চাঁদাবাজি বিরুদ্ধে সর্তকবার্তা। এতে বলা হয়েছে, চাঁদাবাজি হলে পুলিশে ফোন দিয়ে তথ্য দিন। এমন অন্তত অর্ধশত সতর্কবার্তা লেখা সাইবোর্ড উপজেলার ব্যস্ততম বিভিন্ন মোড়ে টানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হয়েই স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি এমন উদ্যোগ নিয়েছেন। তার এমন উদ্যোগের প্রশংসা করছেন সাধারণ মানুষ।

দেখা যায়, যে ফেস্টুনটি টানানো হচ্ছিল এর হেডিং ‘সতর্কবার্তা’। সেখানে লেখা : সিএনজি-অটোরিকশা চালকসহ সব পরিবহন শ্রমিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্ট্যান্ড বা যেকোনো পরিবহন হতে কেউ কোনো ধরনের অর্থ বা চাঁদা দাবি করলে আপনারা তাৎক্ষণিকভাবে নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন। নিচে শ্রীপুর থানার ওসি, পরিদর্শক (তদন্ত) ও কর্তব্যরত কর্মকর্তার (ডিউটি অফিসার) মোবাইল নম্বরসহ বিশেষ প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ লেখা রয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন, গোসিংগা সড়ক, কাওরাইদ অটোরিকশা স্ট্যান্ড, বরমী বাজার, বরমী অটোরিকশা স্ট্যান্ড, আনসার রোড, মাওনা-ফুলবাড়িয়া সড়ক,জৈনা বাজার স্ট্যান্ডসহ অন্তত ১৮টি স্থানে চাঁদাবাজি বন্ধের জন্য অর্ধশত সাইনবোর্ডগুলো টানানো হয়।

আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি হুঁশিয়ারি দিয়েছেন, ‘চাঁদাবাজি হলে রেহাই নেই। এই এলাকায় (শ্রীপুর উপজেলাসহ গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন) কোনো চাঁদাবাজি চলবে না। গণপরিবহনসহ সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাচালকদের কাছে কেউ চাঁদা চাইলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নেতাকর্মীরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক রুমানা আলী টুসি গত বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকায় যান। ওই দিন শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। ওই দিন রাতে গোসিংগায় ও পরদিন শুক্রবার সকালে বরমী, বিকেলে তেলিহাটী ইউনিয়নের ছাতিরবাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

ব্যাটারিচালিত অটোরিকশা চালক হারুন অর রশীদ বলেন, অন্যনান্য সময় তাদের কাছ থেকে নানা প্রয়োজনে একটি মহল চাঁদা সংগ্রহ করত। অনেক সময় জোর করেই চাঁদা আদায় করেছে আদায়কারীরা। এতে তাদের কামাইয়ের একট অংশ চাঁদাবাজদের কব্জায় থাকতো।

তিনি বলেন, নির্বাচনের পর তাদের আর কোনো প্রকার চাঁদা দিতে হচ্ছে না। দুই দিন হলো বিভিন্ন মোড়ে মোড়ে চাঁদাবাজদের রোধ করতে সাইনবোর্ড টানানো হয়েছে। সেখানে বলা আছে চাইলে পুলিশে ফোন দিতে।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান বলেন, শ্রীপুরে কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে এমন তথ্য পেলে পুলিশ খুব দ্রুত কঠোর পদক্ষেপ নেবে। এসব অপরাধের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। যে কেউ যে কোনো সময় আমাদের নম্বরে ফোন দিয়ে সহযোগিতা পেতে পারে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বরেও ফোন দিয়ে সাহায্য পেতে পারে। পুলিশ জনতার বন্ধু এটাই শেষ কথা।