প্লাস্টিক খাতে গবেষণা বাড়ানোর তাগিদ বাণিজ্য প্রতিমন্ত্রীর

প্লাস্টিক শিল্প খাতে দেশের বড় চ্যালেঞ্জ খাতটি পরিবেশবান্ধব নয়। ফলে কীভাবে এ খাতটি পরিবেশের ক্ষতি না করে আরও এগিয়ে যেতে পারে সে বিষয়ে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গতকাল বুধবার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) আয়োজিত চারদিনের ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আহসানুল ইসলাম টিটু বলেন, এ সরকার পণ্য বহুমুখীকরণে জোর দিচ্ছে। সেক্ষেত্রে প্লাস্টিক সেক্টর প্রচ- সম্ভাবনাময়। আপনাদের জন্য যে নীতি সহায়তা প্রয়োজন আমরা সেটা দেব। নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি কাজে লাগিয়ে গুণগত পণ্য উৎপাদনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, নতুন সরকার গঠনে এবার শিল্প ও বাণিজ্য মিলে একটি ভালো টিম হয়েছে। একসঙ্গে কাজ করে আমরা দেশের ব্যবসা-বাণিজ্যকে আরও এগিয়ে নিয়ে যাব বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতে আমরা যে জায়গায় পৌঁছাতে চাই, দ্রুতই সেখানে পৌঁছাতে পারব।

দেশের অর্থনীতিতে প্লাস্টিক শিল্প বিরাট অবদান রাখছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে পণ্য বহুমুখীকরণের মাধ্যমে নতুন নতুন উন্নত মানের পণ্য উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেজন্য প্লাস্টিক শিল্প নগরী হচ্ছে, মুদ্রণ শিল্প নগরী হচ্ছে। যেসব সমস্যা সবকিছু দূর করার প্রচেষ্টা আমাদের রয়েছে।

বিপিজিএমইএর সঙ্গে ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেড যৌথভাবে মেলার আয়োজন করে। মেলায় দেশ-বিদেশের ৬৫৪টি প্রতিষ্ঠানের ৯৬১টি স্টল রয়েছে। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যসামগ্রী ও প্লাস্টিক পণ্য উৎপাদনের প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করছে এক আঙিনায়।

মেলায় প্লাস্টিক খাতের যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী দেশি-বিদেশি ৬৫৪টি প্রতিষ্ঠান অংশ নেবে। এরমধ্যে ২০টি দেশের ৬০০ কোম্পানির ৮০০ স্টল এবং দেশীয় ৫৪টি কোম্পানির ১৬১টি স্টল এ মেলায় অংশ নিয়েছে।