দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেও সেন্সর ছাড়পত্র পায়নি বলিউড সিনেমা ‘ফাইটার’। এছাড়াও সিনেমাটি মুক্তির বিষয়ে কিছুটা আপত্তি জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। নানা দ্বিধা দ্বন্দ্বে এবার দেশে মুক্তি পাচ্ছে না এ হিন্দি সিনেমা। এমনটা জানিয়েছেন অনন্য মামুন নিজে।
আজ ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘ফাইটার’। একইদিনে দেশে মুক্তির কথা থাকলেও এখন সেটি আর হচ্ছে না। দেশ রূপান্তরকে অনন্য মামুন বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি কিন্তু এতে আপত্তি জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। তাদের কথা, এখন সিনেমা মুক্তি দিলে শুধু এই সপ্তাহেই চালাতে হবে, এরপর আবার মার্চ মাসে। ফেব্রুয়ারি অর্থাৎ ভাষার মাসে হিন্দি সিনেমা চালাতে দেবে না। এখন এক সপ্তাহের জন্য তো ভারতীয় প্রযোজক বাংলাদেশে তাদের সিনেমা রিলিজ দিবে না। সুতরাং, ‘ফাইটার’ দেশে মুক্তি দিচ্ছি না আমরা।’
তিনি আরও বলেন, ‘সিনেমাটা যে আসবে তারা তো সেটা আগে থেকেই জানে কিন্তু আপত্তি জানাল একদম শেষ দিকে এসে। পনেরো দিন আগে কেন জানালো যে ভাষার মাসে হিন্দি সিনেমা চালান যাবে না! এরপর দেখা গেল দরদ রিলিজ দিতে গেলে বলবে এই সিনেমা মুক্তি দেওয়া যাবে না। এখানেও হিন্দি নায়িকা আছে।’
এদিকে ‘ফাইটার’ ছবিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কয়েকটি দেশ ইতোমধ্যে ছবিটি নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের বাহরাইন, ওমান, কাতার, কুয়েত ও সৌদি আরব ইত্যাদি দেশগুলো। যদিও তারা স্পষ্ট কোনও কারণ দেখায়নি। তবে অনেকে মনে করছেন, বারংবার পাকিস্তানকে নেতিবাচক ভঙ্গিতে সিনেমায় উপস্থাপনের কারণে এমনটা ঘটেছে। অবশ্য ভারতে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে ‘ফাইটার’। দর্শক-সমালোচকরা ছবিটি উপভোগ করছেন।
উল্লেখ্য, ‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।