ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী প্রায় ২৫৮ মিলিয়ন ডলার আয় করেছে। উত্তর আমেরিকায় ১২০.৫ মিলিয়ন ডলারের উদ্বোধনী আয়ের মাধ্যমে এটি ২০২৬ সালের সর্বোচ্চ লাইভ-অ্যাকশন ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে এই মহাকাব্যিক চলচ্চিত্রটি।
১৭ জুলাই মুক্তির দিন প্রিভিউ প্রদর্শনী মিলিয়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ৫১.২ মিলিয়ন ডলার। এর মধ্যে শুধু ১৬ জুলাই রাতের প্রিভিউ থেকেই এসেছে ১৭.৬ মিলিয়ন ডলার, যা চলতি বছরের সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। শক্তিশালী এই সূচনা ছবিটির প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহেরই প্রমাণ।
উত্তর আমেরিকার বাইরেও ‘দ্য অডিসি’ সমানভাবে সাফল্য পাচ্ছে। ৭৩টি আন্তর্জাতিক বাজার থেকে ছবিটির উদ্বোধনী আয় ১৩৭.৩ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বব্যাপী উদ্বোধনী সপ্তাহে ছবিটির মোট আয় দাঁড়াতে পারে প্রায় ২৫৭.৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটি টাকারও বেশি।
২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে বৈশ্বিক উদ্বোধনী আয়ের দিক থেকে এটি তৃতীয় সর্বোচ্চ। তালিকায় এর ওপরে রয়েছে ‘সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবং ‘টয় স্টোরি ৫’। একই সঙ্গে এটি ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে। এর আগে তার ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ও ‘ওপেনহাইমার’ এই তালিকার শীর্ষে ছিল।
ফ্রান্স, ইতালি, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস ও ব্রাজিলসহ ৪৫টি বাজারে এটি নোলানের সর্বকালের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে। পাশাপাশি ১১টি দেশে ইউনিভার্সাল পিকচার্সের ইতিহাসে এটিই সর্বোচ্চ উদ্বোধনী আয়।
হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’র গল্পের কেন্দ্রে রয়েছেন ট্রয় যুদ্ধজয়ী বীর অডিসিয়ুস। যুদ্ধ শেষে নিজ রাজ্য ইথাকায় ফিরতে তার সময় লাগে পুরো এক দশক। এই দীর্ঘ যাত্রাপথে তাকে সমুদ্রদেবতা পোসেইডনের অভিশাপ, সাইক্লোপস পলিফেমাস, জাদুকরী সির্সি, সাইরেনদের প্রলোভন, পাতালপুরীর বিপদ এবং ক্যালিপসোর দ্বীপের মতো অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
চলচ্চিত্রটিতে অডিসিয়ুসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। পেনেলোপ চরিত্রে অ্যান হ্যাথাওয়ে শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন। টম হল্যান্ড অভিনয় করেছেন টেলেমেকাস চরিত্রে, আর রবার্ট প্যাটিনসনকে দেখা গেছে অ্যান্টিনাসের ভূমিকায়। এছাড়া সামান্থা মর্টন, জেনডায়া, লুপিতা নিয়োঙ্গো, জন লেগুইজামো এবং হিমেশ প্যাটেলসহ তারকাবহুল অভিনয়শিল্পীদের উপস্থিতি ছিল।