রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কেউ দিনমজুর, টোকাই আর কেউবা ভাঙারির দোকানদার। তবে, রাতে সবাই ছিনতাই করেন। কোমরে ছুরি, জিহ্বায় ব্লেড নিয়ে ছিনতাই করতেন তারা।
পুলিশ বলছে, গ্রেপ্তার ছিনতাইকারীরা দলবেঁধে নির্জন স্থানে ওঁৎ পেতে থাকেন। কোনো পথচারীকে একা পেলে সবকিছু ছিনিয়ে নেন। এসময় কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরি ও ব্লেড দিয়ে আঘাত করে আহত করেন।
গ্রেপ্তাররা হলেন- জনি (২৯), জহির সর্দার (১৯), ফয়সাল বেপারী (২৫), জীবন (৫২), আক্কাস আলী (৩৭) ও আসিফ (২০)। এসময় তাদের কাছ থেকে তিনটি ছুরি ও দু’টি ব্লেড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, বুধবার দিবাগত রাতে তেজগাঁও থানার কারওয়ান বাজার কাঠপট্টি জালালাবাদ ‘স মিলের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোমড়ে ছুরি ও জিহ্বার নিচে ব্লেড নিয়ে ঘুরে। এরপর পথচারীকে জিম্মি করে ছিনতাই করতেন। তারা তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী। তাদের মধ্যে জনির বিরুদ্ধে আটটি, জহির সর্দারের বিরুদ্ধে তিনটি, ফয়সাল বেপারীর বিরুদ্ধে দু’টি, আক্কাস আলীর বিরুদ্ধে তিনটি এবং আসিফের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
ওসি বলেন, তারা প্রত্যকেই একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছেন। প্রত্যেকেই বিভিন্ন পেশায় জড়িত। কেউ দিনমজুর, কেউ টোকাই আর কেউবা ভাঙারির দোকানদার। তবে রাতে সবাই ছিনতাই করেন।