আজ শুক্রবার মুক্তি পাচ্ছে সোশ্যাল সেন্টিমেন্টের সঙ্গে প্রেম ও সংঘাতের সিনেমা ‘রুখে দাঁড়াও’। এ সিনেমার মধ্য দিয়ে প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে আসছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ২০১৮ সালে সর্বশেষ মুক্তি পায় তার ‘ভালো থেকো’ সিনেমা। এরপর কয়েকটি সিনেমার কাজ শেষ করলেও সেটি মুক্তি পায়নি।
নতুন এই সিনেমাটি প্রসঙ্গে নায়িকা বলেন, ‘রুখে দাঁড়াও’ হচ্ছে একটি ক্যাম্পাস ভিত্তিক মাদকবিরোধী গল্পের সিনেমা, যেখানে নানা সেন্টিমেন্ট আছে, প্রেম আছে, সংঘাতও আছে। একটি সুন্দর গল্পের কাজ। গত বছর শুটিং শেষ করেছিলাম। অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটির বাজেট যদি আরেকটু বেশি হতো তাহলে আরও ভালো অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজটি করা যেত। তারপরেও যতটুকু হয়েছে সেটি দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসা প্রসঙ্গে দেশ রূপান্তরকে তানহা তাসনিয়া বলেন, ‘যে সময়টাতে আমার সর্বশেষ সিনেমা রিলিজ হয়েছিল তখন ইন্ডাস্ট্রিতে সিনেমাও কম হচ্ছিল, এরপর কভিড এলো, দুই বছর চলে গেল। এরপর যদিও বেশ কিছু ভালো ভালো সিনেমা এসেছে যেগুলো দিয়ে ইন্ডাস্ট্রি আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। মনের মতো গল্প পাচ্ছিলাম না। যেসব গল্পের প্রস্তাব পাচ্ছিলাম সেগুলোতে আমার মন সায় দেয়নি। এরজন্য বলা যায় সিনেমা থেকে একটু বিরতি নিয়েছিলাম। এরপর দুটো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। একটির শুটিং শেষ করেছি, আরেকটির শুটিং সামনে শুরু করব।’
তিনি আরও বলেন, ‘এখন সিনেমার চেয়ে নাটকেই আমার ব্যস্ততা বেশি। যখন সিনেমা কম করা শুরু করলাম তখন নিজেকে নাটকে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেই। এখনো বলতে গেলে নাটক, বিজ্ঞাপন এবং ওটিটি নিয়েই ব্যস্ত। ভালোবাসা দিবস এবং ঈদের কাজ নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। এমনকি আজও (বৃহস্পতিবার) আমি চট্টগ্রামে নাটকের শুটিং করছি। সিনেমা মুক্তির খবরটি হুট করে জেনেছি। আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। জানালে হয়তো সেভাবে প্রচারণায় অংশ নিতে পারতাম।’
সুকুমার চন্দ্র দাশ পরিচালিত ‘রুখে দাঁড়াও’ সিনেমায় তানহার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক কায়েস আরজু। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়া প্রমুখ।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানহা তাসনিয়ার ‘বিয়ে আমি করবো না’ সিনেমাটি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এছাড়াও শিগগিরই ‘তারামন বিবি’ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান নায়িকা।