চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কনভেয়ার বেল্টে অনেকক্ষণ ধরে ঘুরছিল বিদেশি ব্র্যান্ডের এক প্যাকেট সিগারেট। সন্দেহের বশে সেই প্যাকেট হাতে নিয়ে খুলতেই চক্ষু চড়কগাছ গোয়েন্দা সংস্থা ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের। প্যাকেটের ভেতর থেকে একে একে উদ্ধার হল সোনার ১৪টি বার। এর মধ্যে ১২টি ছিল প্যাকেটের ভেতরে ও ২টি প্যাকেটের বাইরে স্কচটেপ মোড়ানো। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান গণমাধ্যমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এয়ার আরাবিয়ার একটি উড়োজাহাজ আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অজ্ঞাত চোরাকারবারি আমিরাত থেকে এসব সোনা এনেছে।
বিমানবন্দরে বিভিন্ন সংস্থার তৎপরতা দেখে ব্যাগ থেকে সোনার বার ভর্তি সিগারেটের প্যাকেট কনভেয়ার বেল্টে রেখে দেন। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১ কেজি ৬০০ গ্রাম। বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।