রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর বটতলা এলাকার একটি পোশাক তৈরি কারখানায় সহকর্মীর মারধরে সজীব (১৭) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এস,এ ফ্যাশন নামের পোশাক কারখানায় হেলপার হিসেবে কাজ করতো সজিব।
আজ শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
সজিব কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শাহেদ আলীর ছেলে। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিণখান মুন্সি মার্কেটে এলাকায় থাকে। তার বাবা রিকশা চালক এবং মা অন্যের বাসায় কাজ করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মা সোলেমা বেগম জানান, সকালে গার্মেন্টস থেকে ফোন দিয়ে তাকে জানানো হয়, কারা যেন তার ছেলেকে মারধর করেছে। পরবর্তীতে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সজিবের সহকর্মী মো. সবুজ জানান, সকালে সজিব গার্মেন্টসে যাওয়ার পর মাহিম (২০) নামে তাদের এক সহকর্মী সজিবকে ডেকে কারখানার গেটের পাশে নিয়ে যায়। এরপর সেখানে তাকে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সজিব অচেতন হয়ে পড়লে মাহিম দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। কী নিয়ে তাদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি সহকর্মীর।
চিকিৎসকের বরাত দিয়ে সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।