নানা যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যোগ্যতম ব্যক্তিদের নির্বাচন করা হয় বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) জন্য। দীর্ঘসময় ধরে চলা এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীর ব্যক্তিত্ব, একাডেমিক যোগ্যতা ও মানসিক দক্ষতা যাচাই করা হয়। এজন্য বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতিও হয় দীর্ঘমেয়াদি। চলতি বছরের মার্চের প্রথমার্ধেই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পিএসসি। তাই প্রস্তুতি নেওয়ার এটিই উপযুক্ত সময়। এ বিষয়ে নতুনদের জন্য পরামর্শ দিয়েছেন ৪৩তম বিসিএস-এ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত (প্রথম স্থান) মাহবুবুল আলম আসাদ
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার এক তীব্র বাসনা কাজ করা শুরু করে। বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই বেশ সিরিয়াস ছিলাম, যার ফলে স্নাতক শেষে ৩.৮৫ সিজিপিএ পাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার লক্ষ্যে স্নাতকোত্তরে ভালোভাবে গবেষণায় মনোনিবেশ করি এবং ৩.৯৮ সিজিপিএ অর্জন করি। তবে স্নাতক শেষ করার পরপর বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র ভাইকে দেখে বিসিএসের প্রতি আগ্রহ তৈরি হয়। দিনে গবেষণার কাজ এবং সন্ধ্যায় টিউশনি শেষ করে রাত ২-৩টা পর্যন্ত বিসিএসের জন্য পড়তে থাকি। শুরুতে বিসিএস যাত্রা আমার জন্য কঠিন ছিল, তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিয়মিত পড়াশোনার মধ্যেই নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি।
যেভাবে প্রস্তুতি নিয়েছি
বড় ভাইদের পরামর্শের পাশাপাশি আমি গাইড বই ও মূল বই পড়েছি। এ ছাড়াও প্রতিদিন বাংলা এবং ইংরেজি পত্রিকা পড়তাম। তবে গণিত ও ইংরেজি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমার তেমন পারদর্শিতা ছিল না। তাই যেদিন থেকে বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করি সেদিন থেকে প্রতিদিন রুটিন করে এক ঘণ্টা ভোকাবুলারি, দুই ঘণ্টা ইংলিশ গ্রামার ও প্রায় তিন ঘণ্টার মতো গণিত করতাম। এর পাশাপাশি অন্য একটি করে বিষয় পড়তাম, সেটা ১০ থেকে ১৫ দিনের মধ্যে একবার যেকোনো ভাবে শেষ করার চেষ্টা করতাম। পরে আমি বারবার অনুশীলন করতাম।
অনুপ্রেরণার উৎস ছিল যারা
আমার অনুপ্রেরণার উৎস আমার পরমধৈর্যশীল বাবা ও মমতাময়ী মা। আমার বাবা সবসময় বলতেন, ‘ধরো আমি যদি কখনো পৃথিবীতে নাও থাকি তবুও তুমি তোমাকে এমনভাবে গড়ো যেন আমি কবর থেকে শুনতে পাই যে, আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে।’ ৪১তম বিসিএস প্রিলি যখন শুরু হয় তার ঠিক এক মাস আগে মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শেষ হয়। যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়াই ছিল আমার ধ্যান-জ্ঞান তাই আমি মাস্টার্সকেই সব থেকে বেশি গুরুত্ব দিই। সময় খুব অল্প আর বিশাল সিলেবাসের কারণে আমার দ্বারা বিসিএস এবার হবে না ভেবেছিলাম। কিন্তু আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ্! অবশেষে ৪১তম বিসিএসে (প্রথম বিসিএস) উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার থেকে দশম গ্রেডের একটা চাকরি পাই। এরপর সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি, বাবা-মা-শুভাকাক্সক্ষীদের দোয়ায় টানা তিন বিসিএসে প্রিলি-রিটেন দিই। এর মধ্যে দুই বিসিএসেই সফল হই। এখন ৪৪তম বিসিএসের ফলাফলের প্রত্যাশায় আছি।
ছিল প্রতিকূলতা, এগিয়ে গিয়েছি
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। সবার বাবা-মাই বিশ্বাস করেন ও মনে-প্রাণে চান, ছেলে অনার্স পাস করলেই তার চাকরি হবে, তখন আর দুশ্চিন্তা থাকবে না। কিন্তু এ দেশে যে চাকরি নামক সোনার হরিণ পাওয়ার জন্য কী পরিমাণ অমানুষিক পরিশ্রম করতে হয় সেটা শুধু বেকাররাই জানে। তবে সমালোচকদের সমালোচনা ও আর্থিক সংকট আমার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিকূলতা মনে হয়েছে। প্রতি মাসে অন্তত দুবার সিলেট থেকে ঢাকা যাওয়া, সেই সঙ্গে চার-পাঁচটা আবেদনের টাকা জোগাড় করা ছিল বেশ দুরূহ। অন্যদিকে অনার্স ও এবং মাস্টার্সে ফলাফল মোটামুটি ভালো হওয়ায় শিক্ষকতায় ঝোঁকের জন্য ক্যাম্পাসও ছাড়তে পারছিলাম না। বিসিএস এবং শিক্ষকতা দুটি স্বপ্নই একসঙ্গে টেনে নিয়ে যাওয়া আমার বিসিএস যাত্রাকে কঠিন করেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির ব্যবহার
বিভিন্ন কাজে সারাদিন যখন বাইরে থাকতাম সেই সময় মোবাইলের মাধ্যমেই পড়তাম, বিসিএসের বিভিন্ন ফেসবুক ও হোয়াইটসঅ্যাপ গ্রুপে নিয়মিত চোখ রাখতাম। পাশাপাশি সার্চ ইঞ্জিন ও ইউটিউব ব্যবহার করে কনফিউশন আছে, এমন বিষয় বুঝে নিতাম। পাশাপাশি অনলাইনে মক ভাইভা দিয়েছি। এ ছাড়াও ভাইভার প্রস্তুতির জন্য আমার মেসেঞ্জার গ্রুপ ছিল, সেখানে আমার বড় ভাই ও বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি।
যারা সফল হচ্ছেন না তাদের জন্য পরামর্শ
দীর্ঘ এই যাত্রায় সফল হতে চাইলে ধৈর্য ও পড়াশোনায় নিয়মিত হতে হবে। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, বিসিএস কিংবা চাকরিতে ব্যর্থতার মূল কারণ পড়াশোনায় ধারাবাহিকতার অভাব। এ ছাড়াও আমরা পড়ার থেকে অযথা ভাবনা, সমালোচনা, ফেসবুক এসব বিষয়ে বেশি সময় নষ্ট করি। চাকরিপ্রার্থীরা এই বিষয়গুলো এড়িয়ে চললে সফলতা দ্রুত আসবে বলে আমার বিশ্বাস। যারা সফল হচ্ছেন না তারা বিসিএস সিলেবাস অনুযায়ী মূল বই এবং গাইড বই অনুসরণ করতে পারেন। পাশাপাশি বারবার পড়া ও পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে, এতে করে ভুলের সংখ্যা কমতে থাকবে। তাই অনুশীলনের বিকল্প নেই।
নতুনদের জন্য পরামর্শ
বিসিএস একটি দীর্ঘ যাত্রা, রয়েছে অসংখ্য যোগ্যতাসম্পন্ন প্রতিযোগী। সে ক্ষেত্রে প্রতিটি প্রতিযোগীকে প্রবল ধৈর্য শক্তিসম্পন্ন ও আত্মবিশ্বাসী হওয়ার কোনো বিকল্প নেই। জুলিয়াস সিজারের মতো এলাম, দেখলাম, জয় করলাম ব্যাপারটা বিসিএসের মতো প্ল্যাটফরমে সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়। এখানে কেউ প্রথম বিসিএসেই সর্বোচ্চটা পেয়ে যান, আবার কেউবা সর্বশেষ বিসিএসে পেয়ে থাকেন। প্রিলি-২০০, রিটেন-১১০০, ভাইভা-২০০সহ মোট ১৫০০ নম্বরের বিসিএস পরীক্ষায় পাস করে আপনি নিশ্চিতভাবে সফল নাও হতে পারেন। এ ক্ষেত্রে নতুনদের জন্য পরামর্শ থাকবে, প্রথমে বিসিএস সিলেবাসটা পডুন, বুঝুন তারপর একটি সুনির্দিষ্ট গাইড বই থেকে বিগত (৩৫তম-৪৫তম) বিসিএসের প্রশ্নগুলো ভালো করে দেখুন এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্নের যে পরিবর্তন হচ্ছে তা খেয়াল করুন। তারপর নিজের মতো একটি রুটিন তৈরি করে সে অনুযায়ী প্রতিদিন পড়াশোনা করুন। আপনিও একদিন আপনার স্বপ্নের বাস্তব প্রতিফলন দেখতে পাবেন। এ ক্ষেত্রে বিশেষভাবে তিনটি শব্দ মনে রাখবেন প্যাশেন্স, পাংচুয়ালিটি, রিপিটেশন।
আবেদনে ক্যাডার নির্বাচন নিয়ে পরামর্শ
আপনি কারও দ্বারা প্রভাবিত না হয়ে, আপনি কি চান সেটা প্রাধান্য দেবেন। আপনি কি বিদেশে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে চান? নাকি আমলাতন্ত্রের মাধ্যমে সরকারের নীতিগুলো বাস্তবায়নে অংশ নিতে চান? নাকি ‘ল’ এক্সিকিউটর হতে চান? আপনি কি আপনার পঠিতব্য বিষয়েই থাকতে চান? এই বিষয়গুলো খেয়াল করে ক্যাডার চয়েজ সাজালে আমার মনে হয় পরবর্তী সময় ক্যাডার চয়েজ নিয়ে কোনো আফসোস থাকবে না।
সবশেষ বলতে চাই, বিসিএস ক্যাডার অফিসার হচ্ছে একটি সম্মানীয় পেশা। এ ছাড়াও বিসিএসকে বেস্ট থ্রিলার সিরিজ বলা যায়, যেখানে প্রিলি-রিটেন-ভাইভা সবক্ষেত্রেই এত এত থ্রিল, যেটা কিনা একজন ক্যান্ডিডেটই উপলব্ধি করতে পারেন। সর্বোপরি, এই থ্রিলিং সিরিজে আপনি কীভাবে নিজেকে প্রস্তুত করবেন সেই সিদ্ধান্ত আপনার সামর্থ্য-সক্ষমতার ওপর নির্ভরশীল।
অনুলিখন : সৈয়দ জাহিদ হাসান