বিনিময় হারে লোকসান কমায় স্বাভাবিক মুনাফায় ওয়ালটন

এক বছরের ব্যবধানে পণ্য বিক্রি থেকে আয় কমে গেছে দেশীয় ইলেকট্রিক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির। তবে ডলারের বিনিময় হারে লোকসান কমে যাওয়ায় স্বাভাবিক মুনাফার ধারায় ফিরেছে কোম্পানিটি। চলতি ২০২৩-২৪ হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-জুন) ওয়ালটনের নিট মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৩ গুণ বেড়েছে।

বিদেশি মুদ্রার বিনিময় হারজনিত ব্যাপক লোকসানের কারণে ২০২২-২৩ হিসাববছরের প্রথমার্ধে ওয়ালটনের নিট মুনাফা প্রায় ৯৭ শতাংশ কমে গিয়েছিল। তবে চলতি হিসাববছরের প্রথমার্ধে ডলারের বিনিময় হার আগের বছরের তুলনায় কিছুটা স্থিতিশীল থাকায় এ-সংক্রান্ত লোকসান অনেকাংশে কমে গেছে। ২০২২-২৩ হিসাববছরের প্রথমার্ধে বিদেশি মুদ্রার বিনিময় হারে ওয়ালটনের লোকসান হয়েছিল ৩৩৬ কোটি টাকা। চলতি হিসাববছরের প্রথমার্ধে এ খাতের লোকসান কমে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৭৪ লাখ টাকায়।

পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৩-২৪ হিসাববছরের প্রথমার্ধে ওয়ালটনের পণ্য বিক্রি থেকে আয় কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৮ কোটি টাকায়, যা আগের বছরের চেয়ে ৮ দশমিক ৪ শতাংশ কম। ২০২২-২৩ হিসাববছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় ছিল ২ হাজার ৫৮৬ কোটি টাকা। চলতি হিসাববছরে কোম্পানিটির রপ্তানি আয়ও কমে গেছে। চলতি প্রথমার্ধে ওয়ালটনের পণ্য রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৮১ কোটি ৭০ লাখ টাকা।

আয় কমে গেলেও কোম্পানিটির উৎপাদন ব্যয় কমে যাওয়ায় মুনাফা বেড়েছে। চলতি প্রথমার্ধে ওয়ালটনের উৎপাদন ব্যয় ছিল বিক্রির ৬৪ দশমিক ৭৩ শতাংশ, যা আগের হিসাববছরের একই সময়ে ছিল ৬৮ দশমিক ১৮ শতাংশ। উৎপাদন ব্যয় সমন্বয়ের পর ওয়ালটনের আয় দাঁড়িয়েছে ৮৩৫ কোটি ২৩ লাখ টাকা, যা আগের হিসাববছরের প্রথমার্ধে ছিল ৮২২ কোটি ৬৯ লাখ টাকা। চলতি হিসাববছরে কোম্পানিটির প্রশাসনিক, বিক্রয় ও বিতরণ ব্যয়ও কমে গেছে, যা পরিচালন মুনাফা বাড়াতে ভূমিকা রেখেছে। চলতি প্রথমার্ধে ওয়ালটনের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫২৫ কোটি ১০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৮ শতাংশ বেশি।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি প্রথমার্ধে ওয়ালটনের মুনাফা বাড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিদেশি মুদ্রা বিনিময় হারের লোকসান কমে যাওয়া। চলতি প্রথমার্ধে বিনিময় হারে কোম্পানির লোকসান দাঁড়িয়েছে ৪৩ কোটি ৭৪ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩৩৬ কোটি টাকা। বিনিময় হারের কারণে ২০২২-২৩ হিসাববছরে কোম্পানির আর্থিক ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল।

এদিকে বিনিময় হারের ক্ষতি কমে যাওয়ায় ওয়ালটনের আর্থিক ব্যয়ও উল্লেখযোগ্য হারে কমে গেছে। চলতি প্রথমার্ধে ওয়ালটনের ঋণের সুদ ও বিনিময় হারের ক্ষতিসহ আর্থিক ব্যয় ১৭৭ কোটি ৯২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬২ শতাংশ কম।

কোম্পানিটি শতভাগ কর অব্যাহতির সুবিধা ভোগ করছে। চলতি প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৪০ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ কোটি ৩৬ লাখ টাকা।