তুরস্কের প্রধান শহর ইস্তানবুলে একটি ক্যাথলিক গির্জায় গতকাল রোববার বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।
স্থানীয় সময় রবিবার সকালে ইস্তাম্বুলের সারিয়ের এলাকায় ইতালিয়ান সান্তা মারিয়া ক্যাথলিক গির্জায় এই হামলার ঘটনা ঘটে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্স।
বিবিসি জানায়, গির্জার ভেতরে হামলাকারীরা একজনকে লক্ষ্য করে গুলি চালায়। নিহত ব্যক্তি একজন তুর্কি নাগরিক এবং এই হামলায় অন্য কেউ আহত হয়নি বলে জানান ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, সন্দেহভাজনদের আটক করতে ইস্তাম্বুলের ৩০টির বেশি জায়গায় অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে ৪৭ জনকে।
রয়টার্স জানায়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান সন্দেহভাজনদের মধ্যে দুইজন বিদেশী নাগরিক। তাদের মধ্যে একজন তাজিকিস্তানের এবং অন্যজন রাশিয়ান। তারা দুইজন ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে জড়িত বলে জানান তিনি।
তবে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস। ইহুদি-খ্রিষ্টানদের ওপর হামলা চালাতে আইএস নেতাদের আহ্বান জানানোর পর এই হামলা চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি।
হামলার উদ্দেশ্য কী বা কেন ওই ব্যক্তির ওপর হামলার চালানো হয়েছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে জানায় রয়টার্স।