মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি বাইডেনের

  • এ হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র, তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান
  • গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলায় এই প্রথম মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম

সিরিয়ার সীমান্তের নিকটবর্তী উত্তর-পূর্ব জর্ডানে এক সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা সদস্য নিহতের ঘটনা ঘটেছে। এ হামলায় আরও ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এ হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার সিরিয়ার নিকটবর্তী সীমান্তে জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়। হামলার ফলে তিন মার্কিন সেনা নিহত ও আরও ২৫ জন আহতের ঘটনা ঘটেছে।

রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ' যদিও আমরা এখনও এই হামলার তথ্য সংগ্রহ করছি, আমরা জানি এই হামলা সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো করেছে।"

এ সময় এই হামলায় দায়ীদের বিরুদ্ধে জবাবদিহি নেওয়া হবে বলে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স রবিবার জর্ডান-সিরিয়া সীমান্তে তিনটি ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি জানিয়েছে।

অন্যদিকে এক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জর্ডান এবং সীমান্ত সুরক্ষিত করতে ওয়াশিংটনকে সহযোগিতা করছে বলে জানিয়েছে দেশটি। যদিও হামলার শুরুতে মার্কিন মিত্র দেশটি ড্রোন হামলাটি রাজ্যের বাইরে সিরিয়ার সীমান্তের ওপারে ঘটেছে বলে জানিয়েছিল।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলায় এই প্রথম মৃত্যু।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত