চট্টগ্রামে এক বিচারককে গালাগাল এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সঞ্জয় চৌধুরী ওরফে আবির চৌধুরী (২৬)।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে যৌতুকের মামলায় হাজিরা দিতে এলে তাকে আটকাদেশ দেন আদালত। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিচারককে গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ নুর-এ-খোদা।
জানা গেছে, সঞ্জয় চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে। তার বাবার নাম চন্দন চৌধুরী। সঞ্জয় কনস্টেবল হিসেবে এপিবিএন কক্সবাজারে কর্মরত।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা বলেন, পুলিশ সদস্য সঞ্জয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) আদালতে হাজির করা হবে।
আদালত সূত্র জানায়, গত বছরের ১৯ জুলাই যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে তার স্ত্রী ইমা বসু আদালতে মামলা করেন। মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বিচারাধীন রয়েছে। নানা আদেশ নিয়ে বিচারক জুয়েল দেবের ওপর ক্ষুব্ধ ছিলেন পুলিশ কনস্টেবল সঞ্জয় চৌধুরী। এর জের ধরে স্ত্রী ইমা বসুর সঙ্গে হোয়াটসঅ্যাপে বিচারক জুয়েল দেবকে গালাগাল এবং তাকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন সঞ্জয়।
আদালতে এ বিষয়ে অভিযোগ দেন ইমা বসু। অভিযোগ তদন্ত করেন নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক সাইদুর রহমান। তার তদন্তে উঠে আসে বিচারককে গালাগালের সত্যতা। সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে গত ৫ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন সাইদুর রহমান। যৌতুকের মামলায় (সোমবার) বিচারক জুয়েল দেবের আদালতে হাজিরা দিতে আসেন সঞ্জয় চৌধুরী। এদিন আদালত তাকে আটক রাখার আদেশ দেন।