সংকট মোকাবিলায় বিডার সহযোগিতা চায় ফিকি

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতা চায় ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি)। গতকাল মঙ্গলবার বিডা কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করতে গেলে এ সহযোগিতা চান ফিকির সভাপতি জাভেদ আখতার। এ সময় ফিকি প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন।

ফিকি জাভেদ আখতার বলেন, ‘আমরা জানি বিশ্বব্যাপী প্রতিকূল অর্থনৈতিক মন্দা আমাদের দেশেও বিভিন্ন ব্যবসায়িক চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিডা এবং ফিকির অংশীদারত্বমূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজন। ফিকির সদস্য কোম্পানিগুলো চলমান সংকট নিরসনে প্রতিনিয়ত কাজ করছে। এ ব্যাপারে বিডার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।’ ফিকি সভাপতি ও পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সাক্ষাতের সময় ফিকির পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিডা চেয়ারম্যান নতুন ফিকি পরিচালনা পর্ষদকে (২০২৪-২৫) অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিডা দীর্ঘদিন ধরে ফিকির সঙ্গে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) বৃদ্ধি এবং বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করে আসছে। বিডা বরাবরই এদেশে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। বিডা ওয়ান স্টপ সার্ভিসকে (ওএসএস) আরও জনপ্রিয় করতে আমরা ফিকির সঙ্গে একযোগে কাজ করব। বৈঠকে ফিকির পরিচালনা পর্ষদের সদস্য এবং বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।