দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী দেবে আওয়ামী লীগ। স্বতন্ত্র এমপিদের ভাগের ১০টি আসন আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ায় ৪৮ আসন পাবে তারা। এ ছাড়া দুটি আসনে প্রার্থী দিতে পারবে জাতীয় পার্টি।
এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মহিলা সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব।
এদিকে সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করে ও স্বতন্ত্রদের সমর্থন সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত জোটবদ্ধ হওয়া সংক্রান্ত এ চিঠি ইসি সচিবের কাছে জমা দিয়েছেন প্রতিনিধি দল।
পরে প্রতিনিধি দলের প্রধান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্য সমর্থন দেবেন। সেই সমর্থনসূচক আলাদা আালাদা চিঠি তাদের স্বাক্ষরসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছি। কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে’।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২২৩, ১৪ দলীয় শরিক জাসদ ১ ও ওয়ার্কার্স পার্টি ১, স্বতন্ত্র ৬২। কল্যাণ পার্টি ১টি আসন পেয়েছে। জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে।