তানজিন তিশার সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ

সব তারকারই ভক্ত অনুরাগী রয়েছেন যারা তাদের প্রিয় তারকার সঙ্গে একটু দেখা করা কিংবা কথা বলার সুযোগ খুঁজেন প্রতি মুহূর্তে। এবার তানজিন তিশার ভক্তদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। দিনব্যাপী ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে এমনটা জানিয়েছেন তিশা নিজেই।

জানা গেছে, আগামী ১লা মার্চে তানজিন তিশা ফ্যান ক্লাবের সদস্যদের আয়োজিত এক ‘গেট টুগেদার’ অনুষ্ঠানে হাজির হবেন অভিনেত্রী। অনুষ্ঠানে আগত ভক্তদের সঙ্গে দীর্ঘ সময় কাটাবেন তানজিন তিশা। তাদের সঙ্গে কথা বলবেন, ছবি তুলবেন এবং অংশ নেবেন নানা আয়োজনে। এদিন তানজিন তিশা ছাড়াও এই আয়োজনে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন ছোট পর্দার জনপ্রিয় কয়েকজন অভিনয়শিল্পী।

422867044_971157954368513_7657460341913331224_n

তবে এর জন্য ভক্তদেরকে সেই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করতে হবে তানজিন তিশা ফ্যান ক্লাবের সদস্য হৃদয় নাহিদ, নায়লা শারমিন দৃষ্টি, শাহেদ হোসেন কাইয়ূম, তাহসিনা জাহান সুমা অথবা তামিম আহমেদের সঙ্গে। রেজিস্ট্রেশন এর শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। গেট টুগেদার অনুষ্ঠানের সময় এবং স্থান সদস্যরাই জানিয়ে দেবে।

এ বিষয়ে তানজিন তিশা বলেন, ‘সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের নানারকম আবদার শুনতে থাকি যারা কিনা আমার সঙ্গে দেখা করতে চান। সবসময় তো তাদের সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ হয় না। তাই অন্তত একটা দিন তাদের জন্য রাখার চেষ্টা করি। ভক্তদের জন্যই কিন্তু আজকে আমরা তারকা। তারা সবসময় সাপোর্ট করেন, কাজ নিয়ে মন্তব্য করেন এবং সর্বোপরি ভালোবেসে পাশে থাকেন। তাদের জন্য এটুকু সময় তো দেওয়ায় যায়। ফ্যান ক্লাবের সদস্যরাই পুরো আয়োজন করে এবং আমি উপস্থিত থেকে তাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হিসেবে থাকি।’

এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তানজিন তিশা ফ্যান ক্লাবের এই ‘গেট টুগেদার’ অনুষ্ঠান। এর আগে গত বছরও একই আয়োজনে অংশ নিয়েছিলেন অভিনেত্রী।