ছোট পর্দা থেকে সদ্য চলচ্চিত্রে নাম লেখানো মডেল-অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এমন খবর শোনা যাচ্ছিল শনিবার (১০ অক্টোবর) রাত থেকেই। জানা গেছে, মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আর এতে তিনি কোনো বড় ধরনের শারীরিক আঘাত পাননি এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
শনিবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তিশা। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’ অভিনেত্রীর প্রথম পোস্ট কেন্দ্র করে তার ভক্ত ও অনুরাগীদের মনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়। তবে পরবর্তী পোস্ট দেখে তারা স্বস্তি প্রকাশ করে।
জানা গেছে, দুর্ঘটনার পর পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। তানজিন তিশা প্রাথমিক ধাক্কা সামলে নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।তবে রাত প্রায় ২টার দিকে নতুন একটি পোস্ট করেন তিশা। অভিনেত্রী অনেকটা মজা করেই লেখেন ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’ এই পোস্ট ঘিরে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়ে ভক্ত ও নেট মহলে।