প্রায় অর্ধেক কোটা খালি রেখেই শেষ হচ্ছে হজের নিবন্ধন

সৌদি আরবের দেওয়া কোটার প্রায় অর্ধেক খালি রেখেই হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি)। আগামী ৭ ফেব্রুয়ারি হজযাত্রীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে বাকি কোটা ফিরিয়ে দেওয়া হবে। নিবন্ধনের সময় আর বাড়ছে না জানিয়ে আজকের মধ্যেই আগ্রহীদের নিবন্ধন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, গত ১৮ জানুয়ারি হজ নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ হলেও অনেক হাজি ও এজেন্সির অনুরোধে বিশেষ ৮ দিন দেওয়া হয়। এরপর যারা নিবন্ধন করতে পারবেন না তারা এ বছর আর হজে যেতে পারবেন না। যদি কোটা ফাঁকা থাকে তা সৌদি সরকারকে ফেরত পাঠানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৯ হাজার ৬৩৪ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৮১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৫ হাজার ৫৫৩ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনও কোটা খালি রয়েছে ৫৭ হাজার ৫৬৪টি।

হজের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না মেলায় প্রথম সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে সময় ১৮ জানুয়ারি পর্যন্ত এবং তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, মূলত হজের ব্যয় এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিবন্ধনে এবার হজযাত্রীদের আগ্রহী কম। একদিকে ডলারের বাড়তি দাম, অন্যদিকে ওমরা পালনে আগ্রহ বাড়ায় হজে নিবন্ধন কমেছে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যে হজ নিবন্ধনের কার্যক্রম চলাও এতে প্রভাব পড়েছে।