রাজধানীর পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন ফুটপাত সীমানা প্রাচীর দিয়ে আটকে দেওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজের জন্য ফুটপাতে টিনের প্রাচীর দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, পার্ক সংলগ্ন ফুটপাতের টিনের প্রাচীর দেওয়ায় ফুটপাতে একজনের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। বিপরীত দিক দিয়ে কেউ আসলে ফুটপাত থেকে নিচে নেমে দাঁড়াতে হয় পথচারীকে। এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এই রাস্তায় নিয়মিত চলাচল করেন সাজু আহমেদ। তিনি দেশ রূপান্তরকে বলেন, ফুটপাত এতটাই সংকুচিত করা হয়েছে যে সামনে থেকে কেউ আসলে রাস্তায় নেমে পড়তে হয়। এমন করে কয়েকবার দুর্ঘটনার মুখে পড়তে গিয়েছিলাম।
পথচারী মাহবুব হাসান বলেন, কারওয়ান বাজার সিগন্যাল ছেড়ে দিলে গাড়িগুলো খুব দ্রুত যায়। তখন ফুটপাত থেকে নিচে নামলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, কোথাও উন্নয়ন কাজ শুরু হলে তো শেষ হয় না। কতদিন এভাবে ফুটপাত আটকে রাখা হবে কে জানে।
পান্থকুঞ্জে কাজ করা আকতার নামের এক শ্রমিক জানান, এখানে পার্কের সীমানা প্রাচীর করা হবে ও ফুটপাত সংস্কার করা হবে। উন্নয়ন কাজের জন্যই ফুটপাতে অস্থায়ী প্রাচীর দেওয়া হয়েছে।
কাঁঠালবাগান এলাকার বাসিন্দা মো. তাহসান দেশ রূপান্তরকে বলেন, পার্কের সামনে দেওয়া সীমানা প্রাচীর ফুটপাতের জায়গা কেড়ে নিয়েছে। তাই পার্কের পাশ দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। আর এই পার্ক এখন এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম। রাত হলেই ছিনতাইকারীরা মোবাইল টান দেয়।