লিগস কাপ

গ্রুপ পর্বে মায়ামির প্রতিপক্ষ দুই মেক্সিকান ক্লাব

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিগস কাপ দিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা জিতিয়েছিলেন লিওনেল মেসি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন মেসি। এবার লড়াই শিরোপা ধরে রাখার।

লিগস কাপের গ্রুপ পর্বে দুই মেক্সিকান দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মায়ামি। বুধবার লিগস কাপ ২০২৪ এর ১৫টি গ্রুপ ঘোষণা করা হয়েছে।

গ্রুপগুলোকে পূর্ব এবং পশ্চিম ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপের পূর্ব ৩ এ খেলবে মায়ামি। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ক্লাব টাইগার্স ও ক্লাব পুয়েবলা।

মোট ৪৭টি ক্লাব অংশ নিচ্ছে লিগস ক্লাবে। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সরাসরি টিকেট পেয়েছে এমএলএস এবং লিগা এমএক্সের দুই চ্যাম্পিয়ন কলম্বাস ক্রু এবং আমেরিকা। বাকি ৪৫টি দলকে ১৫টি গ্রুপে ভাগ করা হয়েছে।

প্রতি গ্রুপে ২ দল যাবে পরের রাউন্ডে। আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে লিগস ক্লাব।