পরকীয়ার জের ধরে চাচাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়া প্রেমের জের ধরে চাচা লাল্টু মোল্লাকে (৩৩) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে। নিহত লাল্টু মোল্লা কাকুড়াডাংগা গ্রামে বাসিন্দা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মাঠে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে লাল্টু মোল্লাকে ভাতিজা মিরাজ ও আসাদ কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়রা জানিয়েছেন, লাল্টু মোল্লা গত বছর বড় ভাবিকে বিয়ে করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে লাল্টু মোল্লকে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

শৈলকুপা থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।