ব্যাংকঋণের সুদহার বেড়ে ১২.৪৩ শতাংশ

মূল্যস্ফীতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সুদহার বাড়ানোর পদক্ষেপ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক নতুন বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারির জন্য ঋণের সুদহার নির্ধারণ করেছে ১২ দশমিক ৪৩ শতাংশ। আগের মাস জানুয়ারির চেয়ে দশমিক ৫৪ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ফেব্রুয়ারির জন্য সুদ হার নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে কিছুটা বাড়িয়ে ভোক্তা ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ১৩ শতাংশ।

যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো ‘স্মার্ট’ বা সিক্স মান্থ মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭ দশমিক ১ শতাংশ। এরপরের মাস আগস্টে ৭ দশমিক ১৪ শতাংশ এবং সেপ্টেম্বরে বেড়ে হয় ৭ দশমিক ২ শতাংশ। অক্টোবরে ৭ দশমিক ৪৩ শতাংশ, নভেম্বরে ৭ দশমিক ৭২ শতাংশ, ডিসেম্বরে ৮ দশমিক ১৪ শতাংশ এবং সবশেষ জানুয়ারি স্মার্ট রেট বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৬৮ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, জানুয়ারি মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ যোগ করে ফেব্রুয়ারি মাসে ঋণ বিতরণ করতে পারবে ব্যাংকগুলো। অন্যদিকে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ৫ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারবে। সে হিসাবে, চলতি বছরের দ্বিতীয় মাসে বড় অঙ্কের ঋণে সর্বোচ্চ ১২ দশমিক ৪৩ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংকগুলো। আগের মাসে ঋণে সর্বোচ্চ ১১ দশমিক ৮৯ শতাংশ সুদ নিতে পারত।

অন্যদিকে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ বিতরণ করতে ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন যোগ হবে। ফেব্রুয়ারি মাসে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৪৩ শতাংশ। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে যা ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। তবে ফেব্রুয়ারিতে ব্যাংকগুলো গাড়ি কেনা ও ব্যক্তিগত ঋণে সুদ নিতে পারবে ১৩ দশমিক ৪৩ শতাংশ। কারণ ব্যক্তিগত, গাড়ি ও সিএমএসএমই ঋণে ১ শতাংশ অতিরিক্ত সুপারভিশন চার্জ নেওয়ার সুযোগ রয়েছে। আগের মাস জানুয়ারিতে এই ধরনের ঋণের সুদহার ছিল ১২ দশমিক ৮৯ শতাংশ।

ব্যাংকগুলোর জন্য শুধু ঋণে সর্বোচ্চ সীমা দেওয়া হয়েছে। তবে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আমানত সংগ্রহেও সুদহারের একটা সর্বোচ্চ সীমা দেওয়া আছে। আর্থিক প্রতিষ্ঠান স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ যোগ করে ঋণের সুদ নিতে পারবে। আর স্মার্টের সঙ্গে ২ দশমিক ৭৫ শতাংশ সুদ যোগ করে আমানত সংগ্রহ করতে পারবে। সেই হিসাবে ফেব্রুয়ারি মাসে এসব প্রতিষ্ঠানের সর্বোচ্চ ঋণের সুদহার হবে ১৪ দশমিক ৪৩ শতাংশ। অন্যদিকে আমানতে সুদ দিতে পারবে ১১ দশমিক ৪৩ শতাংশ। এর আগের মাস জানুয়ারিতে ঋণের সুদ ছিল ১৩ দশমিক ৮৯ শতাংশ। একই মাসে আমানতে ১০ দশমিক ৮৯ শতাংশ সুদ দিত প্রতিষ্ঠানগুলো।

সংকটের সময়ে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দিতে ২০২০ সালের এপ্রিল থেকে ৯ শতাংশ সুদহারের সীমা আরোপ করে। এরপর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ডলারের বাজার স্থিতিশীল করতে উন্নয়ন সহযোগী ও অর্থনীতিবিদরা সীমা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনেও সুদহারের সীমা প্রত্যাহার অথবা বাড়ানোর সুপারিশ করা হয়। এরপরও দীর্ঘদিন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের অন্যতম শর্ত ছিল সুদহার বাজারভিত্তিক করা। সেই শর্তের কারণে সুদহার বাজারভিত্তিক করতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, সদ্য সমাপ্ত বছরের শেষ মাস ডিসেম্বরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। নভেম্বরে এই মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ, যা ছিল গত প্রায় ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।