বাদামের আড়ালে গাঁজার ব্যবসা করেন চাচা-ভাতিজা

গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁও থানার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন। 

এ সময় তাদের কাছ থেকে এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। বাদাম বিক্রির আড়ালে এসব গাঁজা বিক্রি করা হয়। বাদামের প্যাকেটের মতো করেই এসব গাঁজা প্যাকেটজাত করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন,  আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং মো. রমজান আলী (৪৫)। তন্মধ্যে আজিজ ও জাহেদুল সম্পর্কে চাচা-ভাতিজা। এবং রমজান-আজিজ পরস্পর বেয়াই।

ওসি মহসীন জানান, গ্রেপ্তার তিন জনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তারা মূলত গাঁজা বিক্রি করেন। আজিজের বিরুদ্ধে ২৮ টি, মো. রমজানের বিরুদ্ধে ৭ টি এবং জাহেদুলের বিরুদ্ধে ৬ টি  মামলা রয়েছে। তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন। গাঁজা ক্রেতা বিক্রেতার কাছে সেই বাসা 'গাঁজার আড়ৎ' নামে পরিচিত। তারা এখানে গাঁজাকে বাদামের প্যাকেটের মতো করেই এসব প্যাকেটজাত করে রাখেন। এরপর খুচরা বিক্রেতারা এখান থেকে নিয়ে যান। সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২ কেজি সমমানের ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।