সুপ্রিম কোর্টে মাদকসহ আটকের পর চাঞ্চল্য, পুলিশ বলছে ফাঁসানোর চেষ্টা 

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:৫৮ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্টে প্রবেশের সময় দুই পিছ ইয়াবা, অল্প পরিমাণ গাঁজা ও ও একটি ছোট বোতলে অল্প পরিমান মদসহ হাফিজুর রহমান নামে এক যুবককে আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে তাকে আটকের পর রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তবে, পুলিশ বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ওই শিক্ষার্থীকে কেউ ফাঁসানোর চেষ্টা হিসেবে ষড়যন্ত্রমুলকভাবে তার ব্যাগে মাদক রেখেছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। প্রাথমিকভাবে হাফিজের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর ঘটনার বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, হাফিজুর রহমান হাইকোর্টে তার পরিচিত একজনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পাশ দিয়ে অ্যানেক্স ভবনে প্রবেশ করছিলেন। এ সময় তার ব্যাগ তল্লাশি করে এসব মাদকসহ তাকে আটক করা হয়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

হাফিজ দাবি করেন তার মোটরসাইকেলটি তিনি পার্কিংয়ে রেখেছিলেন। ওই সময় কে বা কারা তার ব্যাগে এসব মাদক রেখেছে তা তিনি জানেন না। ওসি খালিদ মনসুর বলেন, ঘটনা, পারিপার্শ্বিক অবস্থা ও জিজ্ঞাসাবাদ করে মনে হয়েছে, হাফিজ মাদকাসক্ত নন। আর যারা মাদক কারবারি বা আসক্ত তারা কখনো একসঙ্গে তিন ধরণের অল্প মাদক বহন করেন না। কেউ তার তার ব্যাগে ষড়যন্ত্র করে এসব রেখেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলেনি। পরে তার পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, আসলেই কেউ ফাঁসানোর চেষ্টা করেছে কি না তা তদন্ত করে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত