আগের রাউন্ডে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের কাছে ২-০ গোলে হেরে দুর্দশা বেড়েছিল ঢাকা আবাহনীর। শুক্রবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে ছয়বারের শিরোপাধারীরা। এই জয়ে পুলিশকে টপকে তিনে উঠে এসেছে আবাহনী।
ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে আকাশীদের সংগ্রহ ১০ পয়েন্ট। যদিও শীর্ষে থাকা বসুন্ধরার চেয়ে পাঁচ পয়েন্ট ও দুইয়ে থাকা মোহামেডানের চেয়ে তারা পিছিয়ে এক পয়েন্টে। তবে দুটি দলই শনিবার নিজেদের সংগ্রহ বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে ষষ্ঠ রাউন্ডের ম্যাচ খেলে। পুলিশের জন্য ছিল এগিয়ে যাওয়ার সুযোগ। ঘরের মাঠে জোড় লড়াই করেও সেটা তারা করতে পারেনি। তাই সাত পয়েন্ট নিয়ে তাদের নেমে যেতে হয়েছে চারে।
ম্যাচের প্রথমার্ধে জোনাথন ফার্নান্দেজের সুযোগ সন্ধানী গোলে এগিয়ে যায় আবাহনী। ওয়াশিংটনের বক্সে ফেলা ক্রস ক্লিয়ার করতে গিয়ে ফার্নান্দেজের পায়ে তুলে দেন জয়ন্ত রায়। সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান ব্রাজিলিয়ান প্লে-মেকার। বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ায় আবাহনী। ৫০ মিনিটে অসাধারণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হৃদয়। ওয়াশিংটনের কাটব্যাক ধরে বক্সের বাঁ দিক থেকে বাঁকানো শটে দূরের পোস্টে বল জড়ান এই মিডফিল্ডার। তবে ৬৪ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান ঘোচায় পুলিশ। বক্সের ঠিক বাইরে থেকে আকিবুর রহমানের শট রুখতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন আবাহনী ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। আত্মঘাতী গোলে ব্যবধান কমানোর পর পুলিশ চেষ্টা করেছে সমতায় ফেরার। তবে শেষ পর্যন্ত নিজেদের ঘর সুরক্ষিত রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে আবাহনী।
বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের অপর খেলায় টানা ষষ্ঠ ড্রয়ের রেকর্ড গড়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। স্বাগতিক শেখ রাসেল ক্রীড়া চক্রর সঙ্গে তারা পয়েন্ট ভাগ করে নেন গোলহীন ম্যাচ থেকে। ছয় ম্যাচে ছয় ড্রয়ে ছয় পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ পাঁচে উঠে এসেছে। শেখ রাসেলেরও সংগ্রহ ছয় পয়েন্ট। তবে গোল গড়ে পিছিয়ে তারা থাকছে ছয়ে।