মুখোমুখি বসুন্ধরা-আবাহনী: আজই কি লিগ শিরোপা নিষ্পত্তি

আপডেট : ১৫ মে ২০২৬, ১২:৩২ পিএম

ফুটবল লিগের আরও দুই রাউন্ড বাকি। কিন্তু আজ ১৭ রাউন্ডেই হারাতে পারে সব আকর্ষণ। কারণ বড় লড়াই যে হবে আজই। কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল পৌনে ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল লিগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী ও পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ জিতলেই ষষ্ঠবার লিগের শিরোপা নিশ্চিত হবে কিংসের। অন্যদিকে আবাহনী জিতলে শিরোপা তাদের হাতের নাগালে চলে আসবে।

বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। কিংসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লম্বা একটা সময় ছিল ফর্টিজ এফসি। তবে শেষ দিকে দারুণভাবে শিরোপার লড়াইয়ে ফিরে আসে আবাহনী। দুই ম্যাচ বাকি থাকতে কিংস ও আবাহনীর পয়েন্টের পার্থক্য মাত্র ১-১৬ ম্যাচে কিংসের সংগ্রহ ৩৫, আবাহনীর ৩৪। ২০১৮ সালে কিংস শীর্ষ লিগে ওঠার পর আবাহনী আর চ্যাম্পিয়ন হতে পারেনি। গত ৬ আসরে কিংস ৫ বার ও মোহামেডান ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। দীর্ঘ সময় পর আবাহনীর সামনেও দারুণ সুযোগ।

কিংস জিতলে ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে শিরোপা উদ্ধার। তখন শেষ ম্যাচে ইয়ংমেন্সের বিপক্ষে ফল কোনো প্রভাব ফেলবে না। অন্য দিকে আবাহনী জিতলে কিংসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে যাবে এবং শেষ ম্যাচে আরামবাগকে হারালে শিরোপা পুনরুদ্ধার হবে মারুফুল হকের দলের।

যদি ম্যাচটি ড্র হয় তাহলে দুই দলের পয়েন্টের পার্থক্য ১ থেকে যাবে। তখন শেষ রাউন্ডে কিংস না হারলে আবাহনী জিতলেও কোনো লাভ হবে না। শক্তিতে দুই দলের অবস্থান কাছাকাছি। দুই দলের প্রথম পর্বের ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তীব্র উত্তেজনাকর ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে।

কিংসের সমর্থকদের চোখ এখন আজকের ম্যাচে। জয় পেলেই শিরোপা উদযাপনে মেতে উঠবে দলটি। তবে আবাহনীর মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে কোনো আত্মতুষ্টির সুযোগ নেই। তাই সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে কিছুটা শঙ্কা রয়েছে কিংস শিবিরে। কারণ বেতনের দাবিতে তাদের বিদেশি ফুটবলাররা ম্যাচ বয়কট করে যাচ্ছেন ক’ম্যাচ ধরেই। যদিও তাদের নিয়মিত ট্রাম্পকার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজের খেলা নিয়ে কোনো সন্দেহ নেই। ১৬ গোল নিয়ে লিগের শীর্ষ গোলদাতা ডরিয়েলটন। আবাহনীর সুলেমান দিয়াবাতে ১০ গোলের সঙ্গে করেছেন ৫ অ্যাসিস্ট। আজ এ দুজনের সাফল্য দলের সফলতার চাবিকাঠি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত