স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের কবজি বিচ্ছিন্ন

কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন মিয়ার (৩৭) উপর হামলা চালিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মুচিপাড়া সংলগ্ন গ্রাম পুলিশ মুর্শিদ মিয়ার বাড়ি সামনে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়ার বড় ছেলে।

স্থানীয়রা জানান, ধুলদিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নয়ন। মুচিপাড়া সংলগ্ন গ্রাম পুলিশ মুর্শিদ মিয়ার বাড়ি সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় ধারালো ছুরি দিয়ে নয়নের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, নয়নের দুই হাতের কবজি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।