শুক্রবার ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ভারত। কমলাপুর স্টেডিয়ামে পাওয়া বড় জয়ের পর ভারতের কোচ শুক্লা দত্ত এখন তাকাতে চাইছেন সামনের দিকে। লিগ পদ্ধতির এই আসরে সেরা দুই দল খেলবে ফাইনাল। শিরোপা লড়াইয়ে নিজের দলকে রাখতে হলে আসছে দুই ম্যাচে নেপাল ও বাংলাদেশের কাছে তার দলকে দিতে হবে বড় পরীক্ষা। বিশেষ করে স্বাগতিক বাংলাদেশই আছে তার ভাবনাজুড়ে। রবিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি এখন নিতে তাকে।
আসর শুরুর আগে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু বলেছিলেন, ভারত-ভুটান ম্যাচে চোখ থাকবে তার। সে কথা উল্লেখ করে ভারতের কোচ শুক্লা বলেন, 'বাংলাদেশ অবশ্যই ভালো দল। ওরা নিশ্চয়ই আমাদের এই ম্যাচ দেখেছে। ওরা ওদের মতো নিজেদের তৈরি করবে, আমরাও নিজেদেরকে প্রস্তুত করবো। আমার মনে হয় না আজকের ম্যাচের গোল ওদের কাছে গুরুত্বপূর্ণ হবে। তবে এই জয় শুধু বাংলাদেশ ম্যাচই নয়, নেপাল ম্যাচেও আমাদের উজ্জীবিত করবে।'
শুক্লা কোন ঝুকিতে জেতে চাইছেন না। চাইছেন তিন ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে পা রাখতে, 'আমার তিনটি ম্যাচই জিততে চাই। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। এখানে এসেছি জেতার জন্য।' বাংলাদেশকে মোটেই হালকাভাবে দেখার সুযোগ নেই জানিয়ে শুক্লা বলেন, 'বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলকে যতটুকু দেখেছি ওরা খুব ভালো দল। ওদের পরিচর্যাটাও ভালো। এখানে আসার আগে ওদের সম্পর্কে জেনেছি। কে কে কোচিং করছে, কোথায় কোচিং করছে সেগুলো আমার সব জানা। কোনো সন্দেহ নেই, বাংলাদেশ খুব ভালো দল। দারুণ উন্নতি করেছে। গত বছর সব ট্রফিও জিতেছে। নিশ্চয় ওরা ভালো, নইলে সব শিরোপা জিতবে কেন?'
শুক্লা অবশ্যই আজ সন্ধ্যায় বাংলাদেশ ও নেপালকে পরখ করার সুযোগ পেয়ে যাবেন। দু'দলের ম্যাচটা একই মাঠে শুরু হবে সন্ধ্যা সাতটায়।