প্রাসাদে ঢুকে রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

আফ্রিকার দেশ নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক রাজ্যের ঐতিহ্যবাহী রাজাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা রাজার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যের রাজা সেগুন আরেমুকে নিজ প্রাসাদে ঢুকে গুলি কর হত্যার ঘটনা ঘটেছে।

বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো।

তবে এই হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্ত কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবেলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যে এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল।

সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে। তারা বলছে, গতবছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছে।

রাজা আরেমু হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য বলে আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ।

দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে রাজ্যটির পুলিশ। এছাড়া একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলেও স্থানীয়দের প্রতিশ্রুতি দিয়েছে তারা।