জাবিতে গৃহবধূকে ধর্ষণ: ফেসবুকে সমালোচনার ঝড়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাইভেট ও পাবলিক গ্রুপে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় তুলেছে শিক্ষার্থীরা।

ফেসবুক পোস্টে কেউ লিখছেন অভিযুক্তদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। কেউবা নিজের বিশ্ববিদ্যালয়ের এমন ন্যাক্যারজনক ঘটনায় বিব্রত প্রকাশ করছেন।

এই ঘটনার নিন্দা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পরিবারের কোনো নারী সদস্যকে নিয়ে যখন ক্যাম্পাসে আসি তখন মনের ভেতর একটা সাহস কাজ করে এই ক্যাম্পাসটা নিরাপদ। সেই ক্যাম্পাসে যখন পরিকল্পিত ধর্ষণের ঘটনা ঘটে তখন নিরাপত্তাহীনতার শঙ্কায় এবং নিজের ক্যাম্পাসের অধঃপতন দেখে কষ্টে বুকটা ফেটে যায়।’

ওই পোস্টে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী মন্তব্য করেছেন, ‘গোটা দেশটাই আজ ধর্ষণের শিকার। কি চাই সেটা বলতে যে পর্যন্ত দেশের জনগণ সক্ষম না হবে এমন ধর্ষণ চলতেই থাকবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রাইভেট ফেসবুক গ্রুপে এক শিক্ষার্থী তার পোস্টে লিখেছেন, ‘জাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ। ধর্ষকের ফাঁসি চাই।’

ওই পোস্টে বিশ্ববিদ্যালয়ের শওকাত টুটুল নামের সাবেক এক শিক্ষার্থী মন্তব্য করেছেন, ‘এ ঘটনার বিচার না হলে সকল সনদ ফিরিয়ে দেব। এটাই আমার প্রতিবাদ। ’

একই পোস্টে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মন্তব্য করেছেন, ‘দিনদিন যা পরিস্থিতি হচ্ছে এভাবে চলতে থাকলে জাবিতে পড়াশোনা করেছি সেটা পরিচয় দিতে লজ্জাবোধ হবে...!’

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে তাকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও ভুক্তভোগীর পূর্ব পরিচিত মামুন নামের এক যুবক মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।