নিহত শিশু দিয়া মনি জানত না সৎমা মমতা মমতাময়ী না

নেত্রকোণার আটপাড়ায় দিয়া মনি (০৪) নামের এক মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে সৎমা মমতা বেগমের বিরুদ্ধে। এঘটনায় সৎমাকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুওজ ইউনিয়নের রবিয়াগাতী গ্রামে এঘটনা ঘটে। নিহত দিয়া মনি রবিয়াগাতী গ্রামের শাহ আলম মিয়ার ও প্রথম স্ত্রী মালেহার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিয়া মনি (০৪) আটপাড়া উপজেলার রবিয়ারগাতী গ্রামের শাহ আলম ও আলেহা বেগম দম্পতির মেয়ে। শাহ আলম দ্বিতীয় বিয়ে করার পর মেয়েকে রেখে আলেহা বেগম সংসার ছেড়ে ঢাকায় চলে যান। দিয়া মনি রবিবার দুপুরে বাড়ির পাশে ঈদগাহ মাঠে খেলছিল। তার সৎমা মমতা বেগম ঈদগাহ মাঠ থেকে ধরে টেনে বাড়ি নিয়া যায়। কিছুক্ষণ পর প্রতিবেশী লোকজন সৎমায়ের কান্না শুনে ঘরে গিয়ে দেখে দিয়া মনি নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে স্থানীয়রা মারা যাওয়ার বিষয়টি সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং সৎমাকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত দিয়া মনির মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, রবিয়াগাতী গ্রামে দিয়া মনি নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শিশুটির সৎমা মমতা বেগমকে আটক করা হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন।