হঠাৎ অভিযানে খাদ্যমন্ত্রী, অটোরাইস মিল সিলগালা

বগুড়ার শেরপুরে একটি অটোরাইস মিলে আকস্মিক অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি) বগুড়ায় মতবিনিময়সভা শেষে সড়ক পথে ঢাকা যাওয়ার সময় বিকেলে জেলার শেরপুর শেরুয়া এলাকায় অভিযান চালান খাদ্যমন্ত্রী। এসময় ফুডগ্রেড লাইসেন্স না থাকায় খাদ্যমন্ত্রীর নির্দেশে তুলি অটোরাইস মিল নামে একটি চালকল গুদামসহ সিলগালা করা হয়।

সন্ধ্যায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে খাদ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী। জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

শেরপুরে অভিযান বিষয়ে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা ইয়াসমিন জানান, তুলি অটো সেমি রাইস মিল ইতিপূর্বে সরকারের সাথে চুক্তি নবায়ন না করায় তাদের লাইসেন্স বাতিল হয়েছে। যেহেতু তাদের লাইসেন্স নেই সেহেতু ধান-চাল মজুত করা বেআইনি। একারণে মন্ত্রী মহোদয়ের নির্দেশে এটি সিলগালা করা হয়। এছাড়া অন্য একটি রাইস মিলে অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।