খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নির্বাচনের আগে ৯ মাস চালের দাম বাড়েনি। নির্বাচনপরবর্তী সরকার গঠনের সময় লোভী ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সরু চালের দাম সহনশীল অবস্থায় কিছুটা বাড়ে, তা ফেব্রুয়ারি বা মার্চ মাসে। তবে আমন মৌসুমে ৫ থেকে ১০/১২ টাকা বৃদ্ধি কোনোভাবেই ঠিক নয়। দাম বৃদ্ধি নিয়ে আলোচনা করতে গেলে ব্যবসায়ীরা একজন অপরজনকে দায়ী করে, একে অপরকে দোষ দিয়ে পার পাবে না। তিনি নিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান জানান।
তিনি আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
