দিনাজপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসহযোগিতার প্রতিবাদে সংবাদ বয়কট করেছেন দিনাজপুরের সকল সাংবাদিক।
আজ শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খাদ্যমন্ত্রীর কর্মসূচি বয়কট করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার কর্মসূচি ছিল। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও অভিযানের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্টরা। অভিযানে যাবেন কি-না সেটিও জানানো হয়নি। বিভিন্ন মিলে অবৈধ মজুতবিরোধী অভিযানের কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক পর সিএসডি গোডাউন পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেখানেও সংশ্লিষ্টরা সাংবাদিকদের কোনো সুনির্দিষ্ট তথ্য না দেওয়া ও অসৌজন্যমূলক আচরণের কারণে খাদ্যমন্ত্রীর কর্মসূচি বয়কট করার সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
এর আগে, বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে চালের বাজারদর নির্ধারণে অংশীজনদের সাথে মতবিনিময়সভাতেও নির্দিষ্ট সময় পর অসৌজন্যমূলক আচরণ করে সাংবাদিকদের ডিসি অফিসের মিলনায়তন থেকে বের করে দেয় সংশ্লিষ্টরা।
দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল জানান, 'খাদ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসহযোগিতার প্রতিবাদে দিনাজপুরের সকল সাংবাদিক সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্যমন্ত্রীর কোনো সংবাদ ইলেকট্রনিক, প্রিন্ট বা স্থানীয় পত্রিকায় যাবে না।'
