অভিযুক্তদের শাস্তি দিতে সহযোগিতা করব : প্রক্টর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ. স. ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ঘটনা জানতে পেরে প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে মীর মশাররফ হোসেন হলে যাই। এ ঘটনায় পুলিশ আমাদের কাছে যেকোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, আমরা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেব এবং রাষ্ট্রীয় বিধি অনুযায়ী অভিযুক্তদের শাস্তির আওতায় আনার জন্য রাষ্ট্রকে সর্বাত্মক সহযোগিতা করব।’

গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী নারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এলে তাকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও ভুক্তভোগীর পূর্বপরিচিত মামুন নামের এক যুবক বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম বলেন, ‘‘জানতে পেরেছি হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মুরাদ হাসান থাকেন। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।’’