দৈনিক রূপান্তর অনলাইন পোর্টালে ‘নেত্রকোণায় অবৈধ ইটভাটার দাপট, প্রশাসন নীরব’ শিরোনামে গত ২ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশের পর একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে নেত্রকোণার পরিবেশ অধিদপ্তর। রবিবার (৪ ফেব্রুয়ারি) মোহনগঞ্জ উপজেলার বার্ত্তাকোণা ‘এ কে এস ব্রিকস’ নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় এই ইটভাটা থেকে চার লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ভাটাটি ভেকু দিয়ে ভাঙার পর ফায়ার সার্ভিস পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদান করেন উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আব্দুল্লাহ আল মনসুর ও প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ। ভ্রাম্যমান আদালত পরিচালনায় নেত্রকোণা জেলার পুলিশ সদস্যগণ এবং ফায়ার সার্ভিসের সদস্যগণ সহযোগিতা করেন।
নেত্রকোণা সহকারী পরিচালক মো: আবু সাঈদ বলেন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, নেত্রকোণা জেলায় ৫৪টি ইটভাটা থাকলেও এ বছর চালু রয়েছে ৪০টি। সচল ভাটার মধ্যে নিবন্ধন আছে মাত্র ৪টির। ৩১টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নেত্রকোণার আদালতে মামলা করেছে। একটির বিরুদ্ধে আদালত বন্ধ করে দেওয়া আদেশ দিয়েছেন। ৫টি ইটভাটা অবৈধভাবে চলছে।