দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল নিয়ে আজ মঙ্গলবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নারী আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে। তফসিলের ঘোষণার আগে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোটগ্রহণের দিন তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। তিনি বলেন, ‘৫০ সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল মঙ্গলবার ঘোষণা করা হবে। কমিশন বৈঠকের পরে সব কিছু জানিয়ে দেওয়া হবে।’
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আরও জানান, মঙ্গলবার বেলা ১১টায় সংরক্ষিত নারী আসনের তফসিল নিয়ে বৈঠকে বসবে ইসি। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কমিশন বৈঠকের পরেই তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে।
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৫০টি। নির্বাচনে ২২৫টি আসনে জয় পায় আওয়ামী লীগ। সে হিসেবে আনুপাতিক হারে ৩৮টি সংরক্ষিত আসন ভাগে পায় তারা। অন্যদিকে ৬২ স্বতন্ত্র এমপি তাদের ভাগের ১০ আসন আওয়ামী লীগের কাছে সমর্পণ করেছেন। আওয়ামী লীগ যে প্রার্থীদের মনোনয়ন দেবেন তাদের সমর্থন দেবেন তারা, এমন সম্মতি জ্ঞাপন করেছেন। ফলে ৫০ আসনে ৪৮টি যাচ্ছে আওয়ামী লীগের ঘরে। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।