কবুতর দেখাশোনা করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ার বাড়ির ছাদে কবুতর দেখাশোনা করার সময় নিচে পড়ে ব্যবসায়ী আমজাদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৯টার দিকে আমজাদ হোসেন এর মৃত ঘোষণা করেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নগর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় মুদির দোকানে ব্যবসায়ী ছিলেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাই আহমদ হোসেন ও স্বজনরা জানান, বাড়ির ছাদে কবুতর পালন করেন আমজাদ হোসেন। সন্ধ্যায় কবুতর দেখাশুনার জন্য ছাদে যান তিনি। কবুতরের বাসার দরজা বন্ধ করার সময় অসাবধানতার কারণে ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। এতে আমার ভাই গুরুতর আহত হয়। খুব দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রামস্থ বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।