অল্প বয়সেই পিরিয়ড শুরু, হতে পারে যেসব রোগ

পিরিয়ড বা ঋতুস্রাব প্রত্যেক মেয়ের জীবনেই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। মেয়েদের কোন বয়সে পিরিয়ড শুরু হবে, এটা অবশ্য আগে থেকে ধারণা করা যায় না। তবে আমাদের দেশের মেয়েদের প্রথম পিরিয়ড হওয়ার স্বাভাবিক বয়স ১১-১২ বছর।

পিরিয়ডের মধ্যে দিয়ে শুধু শারীরিক নয়, মানসিকভাবে নানা পরিবর্তন সংঘটিত হয় একজন মেয়ের শরীরে। কিন্তু অনেকেরই দেখা যায় সঠিক বয়স ও সময়ের আগেই পিরিয়ড শুরু হয়।

সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, মেয়েদের কম বয়সে পিরিয়ড শুরু হয়, তাদের পরবর্তীকালে ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে। এমনকী হার্ট অ্যাটাকের ঝুঁকিও।

কী বলছে গবেষণা

গবেষকরা ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে ২০ থেকে ৬৫ বছর বয়সী ১৭ হাজার ৩০০ এর বেশি যুবতী এবং মাঝবয়সী নারীদের উপর একটি স্টাডি করেন। পিরিয়ড শুরু হওয়ার বয়সের ভিত্তিতে তাঁদের বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়, যার মধ্যে মেয়েদের বয়স ছিল ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং তার বেশি।

বিএমজে নিউট্রিশন প্রিভেনশন অ্যান্ড হেলথ জার্নালে ৫ ডিসেম্বর প্রকাশিত স্টাডি অনুসারে, অল্প বয়সে পিরিয়ড শুরু হলে ৬৫ বছর বয়সের আগে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে যে মেয়েদের ১০ বছর বয়সের আগে পিরিয়ড শুরু হয়, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে, ১৭৭৩ জন নারীর টাইপ ২ ডায়াবেটিস ছিল এবং তাঁদের মধ্যে ২০৫ জনের হার্টের সমস্যাও ছিল। এসব নারীদের পিরিয়ড শুরু হয়েছিল ১৩ বছর বয়সের আগে।

কাদের ঝুঁকি বেশি?

গবেষণায় দেখা গিয়েছে, যে মেয়েদের ১০ বছর বা তার কম বয়সে তাদের পিরিয়ড শুরু হয়, তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ৩২ শতাংশ বেশি, ১১ বছর বয়সে ১৪ শতাংশ বেশি ঝুঁকি এবং ১২ বছর বয়সে মেয়েদের ক্ষেত্রে ২৯ শতাংশ বেশি ঝুঁকি।

ডায়াবেটিসে আক্রান্ত নারীরা, যাঁদের খুব তাড়াতাড়ি পিরিয়ড শুরু হয়েছিল, তাঁদের স্ট্রোকের ঝুঁকি বেশি হলেও, কার্ডিওভাসকুলার রোগের সামগ্রিক ঝুঁকি নেই। ডায়াবেটিসে আক্রান্ত নয়ারই যাদের ঋতুস্রাব ১০ বছর বা তার কম বয়সে শুরু হয়েছিল, তাদের স্ট্রোকের ঝুঁকি প্রায় তিনগুণ।

ঋতুস্রাবের সঠিক বয়স

বিএমজে-তে প্রকাশিত গবেষণার ফলাফলের ভিত্তিতে বলা হয়েছে, পিরিয়ড দেরিতে অর্থাৎ ১৩ বছর বয়সের পর শুরু হলে এই ধরনের ঝুঁকি কম থাকে। কারণ যদি পিরিয়ড তাড়াতাড়ি শুরু হয় তবে মেনোপজ পর্যন্ত দীর্ঘ সময় শরীর ইস্ট্রোজেনের সংস্পর্শে থাকে, যার কারণে এই সমস্যা হতে পারে।

ওজন এবং পিরিয়ডের সম্পর্ক

নটরডেম অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির হেলথ রিসার্চ ইনস্টিটিউটের সহকারী ক্লিনিক্যাল প্রফেসর জুলি কুইনলিভানের মতে, বয়ঃসন্ধির সূত্রপাত সরাসরি ওজন এবং লেপটিন হরমোনের সঙ্গে সম্পর্কিত। এমতাবস্থায় মেয়েটির ওজন বাড়লে লেপটিনের মাত্রা পরিবর্তিত হয় এবং সে অল্প বয়সেই বয়ঃসন্ধির মধ্য দিয়ে যেতে শুরু করে।