যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবক খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে জামাল (১৮) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আমির হোসেন নামে একজনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

জামালকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আসাদুল্লাহ জানান, তারা কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন একই এলাকার সিফাত নামে একজন এসে জামালকে ডেকে একটু দূরে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে সিফাত, ফারদিন, শিমুল, আরাফাত, ইমনসহ ৮-১০ জন মিলে জামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তারাসহ কয়েকজন সেখানে গিয়ে জড়ো হলে দুই গ্রুপের মধ্যে ব্যাপক মারামারি হয়।

আহতদের হাসপাতালে নিয়ে আসা দুই গ্রুপের চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। যতটুকু হাসপাতাল থেকে জানা গেছে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।