রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম

রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে আগুনের এ ঘটনা ঘটে। এর আগে যাত্রাবাড়ী থানা বাউন্ডারির ভেতরে ও বাইরে প্রধান ফটকের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ একজন আহত হয়েছেন। এছাড়া মালিবাগ ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় ককটেল ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। গতকাল শুক্রবার বিভিন্ন সময়ে পৃথক ঘটনাগুলো ঘটে। এতে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট রওনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যা প্রায় পৌনে ৮টার দিকে থানার সামনে ও বাউন্ডারির ভেতরে হঠাৎ বিকট শব্দ হয়। দুর্বৃত্তরা কয়েক মিনিটের ব্যবধানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়। ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকায় যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন এবং অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন। চতুর্দিক ধোঁয়ায় ছেয়ে যায়।

থানায় আসা প্রত্যক্ষদর্শী জানান, ককটেলে একজন আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, থানার প্রধান ফটকের সামনে ৪-৫টি এবং থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ককটেলগুলো হানিফ ফ্লাইওভার থেকে ছুড়ে মারা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন প্রধান সড়কে, সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, রামপুরা থেকে এসে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে উঠে কিছুদূর আসতেই ককটেলটি ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেলটি ডিআইডি রোডের ৯৮ নম্বর বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে এটি ছুড়ে মারা হয়েছে। ফ্লাইওভারে সিসিটিভি ফুটেজ নেই। তারপরও আমরা আশপাশের ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৭টা ৫২ মিনিটে মহাখালী আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বনানী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল থেকে ককটেলটি ছুড়ে মারা হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের কথা শোনা গেলেও পুলিশ বলছে, ককটেল নয়, পটকা জাতীয় কিছু কিংবা রিকশার চাকা পাংচারের ঘটনা ঘটেছে।

শেরেবাংলা নগর থানার ওসি মো. মনির বলেন, কিছু একটা বিস্ফোরণের খবরে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো নমুনা বা ককটেলের খোসা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পটকা জাতীয় কিছু ফুটেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত