যাত্রাবাড়ী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

প্রতিটি ঘটনায় ককটেল ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানা বাউন্ডারির ভেতরে ও বাইরে প্রধান ফটকের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা গেছে। এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মালিবাগ ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় ককটেল ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যা প্রায় পৌনে ৮টার দিকে থানার সামনে ও বাউন্ডারির ভেতরে হঠাৎ বিকট শব্দ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কয়েক মিনিটের ব্যবধানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়। ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকাটিতে যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর কয়েকটির ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন এবং অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন। চতুর্দিক ধোঁয়ায় ছেয়ে যায়।

থানায় আসা প্রত্যক্ষদর্শী জানান, ককটেলে একজন আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আহতের কোন ঘটনা ঘটেনি।

ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, থানার প্রধান ফটকের সামনে ৪-৫টি এবং থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ককটেলগুলো হানিফ ফ্লাইওভার থেকে ছুড়ে মারা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে, সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, রামপুরা থেকে এসে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে উঠে কিছুদূর আসতেই ককটেলটি ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। ককটেলটি ডিআইডি রোডের ৯৮ নং বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে এটি ছুড়ে মারা হয়েছে। ফ্লাইওভারে সিসিটিভি ফুটেজ নেই। তারপরও আমরা আশপাশের ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি এবং ঘটনায় জড়িত ঘাতকদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৭টা ৫২ মিনিটে মহাখালী আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বনানী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ফ্লাইওভারের উপর দিয়ে মোটরসাইকেল থেকে ককটেলটি ছুড়ে মারা হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের কথা শোনা গেলেও পুলিশ বলছে, ককটেল নয়, পটকা জাতীয় কিছু কিংবা রিকশার চাকা পাংচারের ঘটনা ঘটেছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির বলেন, কিছু একটা বিস্ফোরণের খবরে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো নমুনা বা ককটেলের খোসা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পটকা জাতীয় কিছু ফুটেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত