ইউপি চেয়ারম্যানের দুই পা থেঁতলে দিলো সন্ত্রাসীরা

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দীন মোল্লা দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি ) রাত ৮টার দিকে আলীপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন, স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি তাহেরপুর থেকে আলীপুরস্থ বাসায় ফেরার পথে হামলা চালানো হয়েছে। যুবলীগ নেতা নজরুল ইসলাম ফকিরের নেতৃত্বে আলম ফকির, সোহেল ফকির, সেলিম ফকির, শাহীন, সুমন, রাজু, হেলেন কিলার বিউটিসহ আরও কয়েকজন হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। হাতুড়ি দিয়ে তার দুই পায়ের হাঁটু পর্যন্ত থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা। হামলায় তার স্ত্রীও আহত হয়েছেন বলে জানান তিনি।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মুমসাদ সায়েম পুনাম বলেন, তার দুই পা ও কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত চেয়ারম্যানের বড় ভাই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আমার পরিবারের উপর ২৫-৩০টি হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি জামায়াতের সঙ্গে মিশে নব্য আওয়ামী লীগ এ ঘটনা ঘটাচ্ছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, হামলার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।