চাচাতো ভাই খুনের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রামে চাচাতো ভাইকে খুনের দায়ে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় দিয়েছেন। 

দণ্ডিত হৃদয় আলী মল্লিক (৩১) নগরের পাহাড়তলী থানার ফইল্যাতলী এলাকার বাসিন্দা মফিজুল আলম মল্লিকের ছেলে। তাদের বাড়ি দিনাজপুর  জেলায়। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁশলি এম এ নাসের। ২০১৬ সালের ৮ মে পাহাড়তলী থানার  জেলেপাড়ার পাশে জোড়াখাল থেকে বস্তাবন্দি অবস্থায় ফিরোজ আলম বাঁধন নামে ১৩ বছর বয়সী কিশোরের লাশ উদ্ধার করা হয়। বাঁধন ফইল্যাতলী এলাকার বাসিন্দা রঙমিস্ত্রি রমজান আলী মল্লিকের একমাত্র ছেলে। স্থানীয় প্রাণহরি (পিএইচ) আমিন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ নাসের জানান, পাহাড়তলী থানায় রমজান আলীর দায়ের করা অপহরণের মামলা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। পুলিশ তদন্ত করে ২০১৬ সালের ২২  সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮ এবং দণ্ডবিধির ৩০২, ৩৮৫, ৩২৮ ও ২০১ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 

রাষ্ট্রপক্ষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে আমৃত্যু কারাদণ্ড  দেন। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন। আসামি হৃদয় আলী মল্লিক রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।